-1270343.png)
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে নতুন প্রতীক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে এ সপ্তাহের মধ্যেই গণবিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন ইসি’র সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, কমিশনের অবস্থান একেবারে স্পষ্ট। নিবন্ধনযোগ্য রাজনৈতিক দলগুলোর তালিকা প্রকাশের সময়ই প্রতীকের বিজ্ঞপ্তি জারি করা হবে।
শাপলা প্রতীক নিয়ে প্রশ্নের জবাবে আখতার আহমেদ বলেন, কমিশন ইতোমধ্যে নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে। এখন পর্যন্ত কোনো বিকল্প প্রস্তাব আসেনি। তাই কমিশন স্বীয় বিবেচনায় নতুন প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি এ সপ্তাহেই প্রকাশ করবে।
গণভোট নিয়ে এক প্রশ্নের জবাবে সচিব বলেন, নির্বাচন কমিশনে এখন পর্যন্ত কোনো গণভোট-সংক্রান্ত তথ্য আসেনি। অনুমানভিত্তিক মন্তব্য করা ঠিক হবে না। যেটা কমিশনে আনুষ্ঠানিকভাবে আসেনি, সে বিষয়ে কিছু বলব না।
শনিবার রাতে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিনি বলেন, এটা নিঃসন্দেহে অনাকাঙ্ক্ষিত ঘটনা। পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে, একজনকে আটক করেছে এবং মামলা করেছে। এখন তদন্ত চলছে। কমিশন তার দায়িত্বের কাজেই মনোযোগ দিচ্ছে।
নির্বাচন প্রস্তুতি কতদূর এমন প্রশ্নে আখতার আহমেদ বলেন, “প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাজনৈতিক দল ও পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ হলে শতভাগ প্রস্তুতি সম্পন্ন হবে।
রাজনৈতিক চাপ ও কমিশন পুনর্গঠনের দাবি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। রাজনৈতিক বিষয় কমিশনের এখতিয়ারের বাইরে। আমরা সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী কাজ করছি। সবাই সহযোগিতা করলে নির্ধারিত সময়েই নির্বাচন সফলভাবে সম্পন্ন করা সম্ভব হবে।





